ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় দিনে বুধবার আব্বাসের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
দক্ষিণে সকালে গোড়ান শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামেন আফরোজা আব্বাস। নির্বাচনে অংশ নেয়া বিএনপি'র আন্দোলনের অংশ বলে জানান তিনি।
এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দেওয়ার মধ্য দিয়ে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ তার প্রচার শুরু করেন।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক কল্যাণপুরে ও সাঈদ খোকন বংশালে প্রচার চালিয়েছেন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে উত্তর সিটি করপোরেশনে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন মাহী বি চৌধুরী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল জাতীয়তাবাদী আদর্শের সমর্থন প্রত্যাশা করেন তিনি।