চট্টগ্রামে কমিশনার নির্বাচন নিয়ে সংকটে আওয়ামী লীগ ও বিএনপি দুদলই। সব ওয়ার্ডেই রয়েছে দুই দলেরই একাধিক প্রার্থী।
এখনো কেন্দ্র থেকে কোনো দলই একক কোনো প্রার্থীকে সমর্থন না দেয়ায় বিপাকে রয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থীরা।
এদিকে, দলের চেয়েও ব্যক্তিগত জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা।
চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত। এবারের নির্বাচনে বেশিরভাগ ওয়ার্ডেই একই দলের একাধিক প্রার্থী অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের একাধিক কাউন্সিলর প্রার্থী হওয়ায় তারা নিজেরাও পড়েছেন বিভ্রান্তিতে।
আর প্রধান দুটি রাজনৈতিক দল একক প্রার্থী নির্ধারণ করতে চাইলেও এখনো তা করা সম্ভব হয়নি। প্রার্থীরা যে যার অবস্থানে অনঢ় রয়েছেন। কেউ কারও জন্য বিন্দুমাত্র ছাড় দিতেও রাজি নন। সব মিলিয়ে একরকম টান টান উত্তেজনা চলছে এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে।
বেশিরভাগ প্রার্থীই বলছেন, এলাকায় রাজনৈতিক পরিচয়টা খুব বেশি গুরুত্ব বহন করে না।
কেউ কেউ আবার এলাকায় নিজের কর্মকাণ্ড ও পরিচিতির কারণে পাড় পেয়ে যাবেন বলে মনে করছেন।
এবার, সাধারণ কাউন্সিলর পদে নারী-পুরুষ মিলিয়ে প্রার্থী হয়েছেন ২৫৭ জন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছে ৬১ জন। গত সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামের ১৯টি ওয়ার্ডে বিএনপি, ২টি ওয়ার্ডে জামাত ও বাকি ২০টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।