ঢাকা উত্তরে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ‘টেবিল ঘড়ি’ এবং বিএনপির সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ‘বাস’ প্রতীক। শুক্রবার সকালে আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দের পরেই নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নতুন উদ্যমে শুরু করেছেন প্রচারণা। ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক তরুণদের সঙ্গে মতবিনিময় করে আর অন্যান্য প্রার্থীরা জনসংযোগের মধ্যে দিয়ে তাদের প্রচারণা চালিয়েছেন।
বিএনপির সমর্থন ও প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আওয়াল।
প্রধানমন্ত্রীর কাছ থেকে ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের গ্রীন সিগন্যাল পাওয়ার পর গত ২৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ‘তারুণ্যের চোখে ঢাকা’ শীর্ষক একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে আনিসুল হকের অনলাইন ভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম ‘আমরা ঢাকা’।
প্রতিযোগিতায় তরুণদের দৃষ্টিতে নগরীর প্রধান সমস্যা ও তার সমাধান জানতে চাওয়া হয়। এতে অংশগ্রহণকারী কয়েক হাজার তরুণ তরুণীর মধ্যে ১০০ জন সেরা প্রস্তাবকারীদের নিয়ে শুক্রবার মতবিনিময় করেন আনিসুল হক।
অনেক জল্পনা কল্পনা শেষে বিএনপির সমর্থন আর প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মনোনয়ন বাতিল হওয়া আব্দুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ আওয়াল।
দুপুরে কারওয়ান বাজারের আম্বর শাহ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তিনি।
এদিকে, জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রতীক পেয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রচারণা চালান।
আর প্রতীক বরাদ্দের পর রাজধানীর বিভিন্ন এলাকায় জোর প্রচারণা চালিয়েছেন সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ কাফি রতন, জাসদের নাদের চৌধুরী, গণসংহতির জোনায়েদ সাকীসহ অন্যান্য মেয়রপ্রার্থীরাও।