ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার ৫ম দিনে চৈত্রের খরতাপ উপেক্ষা করে, প্রার্থীরা কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতীক বরাদ্দ হওয়ায় প্রচারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় প্রচারণায় নামেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। স্বামীর পক্ষে ভোট ও দোয়া চাইলেন।
মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
আর রাজধানীর ধোপখোলা এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। প্রয়াত পিতার ইলিশ প্রতীকেই নির্বাচন করে, ঢাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।
সিপিবি-বাসদ সর্মথিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ অভিযোগ তুলেছেন এখনো নির্বাচন কমিশন নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারিনি।
এদিকে, মানবিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক ও গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী।
ঢাকার সমস্যা চিহ্নিত করে তার যথার্থ সমাধানের মাধ্যমে ধনী-গরিবের জন্য সমানাধিকারের ঢাকা গড়ার কথা বলেন তারা।