ঢাকা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দারিদ্র্য দূরীকরণ, যানজট নিরসন ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। বুধবার সকালে রাজধানীর মিরপুর আউটডোর স্টেডিয়াম এলাকায় গণসংযোগ করেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
এ সময় তরুণদের সঙ্গে নিয়ে ঢাকাকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রুপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। যাত্রাবাড়িতে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনও প্রচারণায় নামেন।
নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে প্রচার-প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা ততো বাড়ছে। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে।
এ সময় আরেক মেয়র প্রার্থী মাহী বি চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে আনিসুল হক বলেন, সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থেকে বাকসর্বস্ব হতে চান না, মানুষের সমস্যার কথা শুনতে চান।
বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর যাত্রাবাড়ির কয়েকটি এলাকায় প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। এসময় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন।
এদিকে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থীত প্রার্থী তাবিথ আউয়াল। ১২ দফা ইশতেহারে, ঢাকাবাসীর জন্য খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। অপর প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী ৭১ দফার ইশতেহার ঘোষণা করেছেন।