ঢাকা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দারিদ্র্য দূরীকরণ, যানজট নিরসন ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। শুক্রবার সকালে নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীরা। এ সময় ঢাকাকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রুপান্তরের প্রতিশ্রুতি দেন তারা।
নির্বাচনের তারিখ যতো এগিয়ে আসছে প্রচার-প্রচারণায় ততই ব্যস্ত হয়ে পড়ছে প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে সবার।
সকালে সবুজ ঢাকার প্রত্যাশায় সাইকেল র্যা লিতে অংশ নেন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। র্যা লিটি রাজধানীর বছিলা বুড়িগঙ্গা তিন নম্বর সেতু থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুরাইনে গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন।
এদিকে, মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর কামরাঙ্গীর চরের কয়েকটি এলাকায় প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে শতভাগ জয়ের আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের পক্ষে ভোট চেয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন মেয়র ও কাউন্সিল প্রার্থীরা।