আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সেনাবাহিনী মোতায়নের দাবি করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত সহস্র নাগরিক কমিটি। বলেন, নির্বাচনে পরাজয়ের কথা অনুধাবন করেই ভোট সেন্টারে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো ও সেনাবাহিনী নিয়োগের দাবি তোলা হচ্ছে।
শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিটির নেতারা।
এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যাও দাবি করেন তারা।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধ এবং প্রচারের বিষয় তুলে ধরতে শনিবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত সহস্র নাগরিক কমিটি।
এ সময় বক্তারা বলেন, কোনো প্রমাণ ছাড়াই একের পর এক আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক ও দক্ষিণের সাঈদ খোকনের বিরুদ্ধে অভিযোগ করছে বিএনপি। নির্বাচনে সেনা মোতায়নে বিএনপির দাবিরও বিরোধিতা করেন তারা।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেত্রী খালেদা জিয়া হেফাজতের সঙ্গে বৈঠক করে আচরণবিধি ভঙ্গ করেছেন বলেও দাবি করেন বক্তারা। আন্দোলনের নামে যারা আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের নির্বাচনে বর্জনেরও আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে পহেলা বৈশাখে নারী নির্যাতনের সমালোচনা করে আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি জনান কমিটির নেতারা।
এ সময় ২০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, ২২ এপ্রিল মিরপুর ও ২৪ এপ্রিল জাতীয় শহীদ মিনারে মেয়র প্রার্থীদের পক্ষে সুধী সমাবেশের ঘোষণা দেয় সহস্র নাগরিক কমিটি।