ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন খালেদা জিয়া।
শনিবার বিকেলে গুলশান এলাকায় কয়েকটি বিপণি বিতানে তাবিথ আউয়ালের পক্ষে ‘বাস’ মার্কায় ভোট চান।
এ সময় বিভিন্ন দোকানে ঢুকে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারপত্র বিলি করেন। এ সময় খালেদা জিয়াকে দেখতে রাস্তায় ভিড় জমায় শত শত মানুষ।
তবে গুলশান থেকে মধ্য বাড্ডা পর্যন্ত খালেদার প্রচারণা কার্যক্রমে তার সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছাড়া আর কাউকে দেখা যায়নি। তবে এ সময় তার সঙ্গে অনেক সাধারণ কর্মী ছিলেন। তারা ‘খালেদা জিয়ার সালাম নিন, বাস মার্কায় ভোট দিন’ স্লোগান দিয়ে মিছিল করে।
ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। তার নির্বাচনী প্রতীক বাস।
গত মঙ্গলবার পহেলা বৈশাখে নয়া পল্টনে বর্ষবরণের অনুষ্ঠানে খালেদা জিয়া দল সমর্থিত মেয়র প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান। তবে সরাসরি প্রচারে শনিবারই প্রথম নামলেন।