নারীবান্ধব নিরাপদ রাজধানী গড়ে তোলার অঙ্গীকার করে নগরবাসীর কাছে ভোট চাইলেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। সেইসঙ্গে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আনিসুল।
আর বিএনপি সমর্থিত উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল প্রার্থীদের ওপর হামলা-মামলা বেড়ে গেছে অভিযোগ করে কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। অন্যান্য দল সমর্থিত প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়।
রাজধানীর অলি-গলি রাস্তাঘাট এভাবেই ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টারে পোস্টারে। সেইসঙ্গে প্রার্থীদের পক্ষে গান আর শ্লোগানে এখন সরগরম রাজধানীর নির্বাচনী পরিবেশ। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্তসময় পার করতে হচ্ছে প্রার্থীদের।
রাজধানীর মিরপুর এলাকায় জনসংযোগ করেন উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হক। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্চিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকা উচিৎ বলেও মন্তব্য করেন আনিসুল।
উত্তরের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল প্রচারণা চালান রাজধানীর গাবতলী-মিরপুর এলাকায়। অভিযোগ করেন এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি কমিশন।
এদিকে, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল উত্তরা, গণসংহতির জোনায়েদ সাকি মিরপুর, সিপিবি-বাসদ সমর্থিত কাফি রতন মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় জনসংযোগ করেন।