সিটি করপোরেশ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীরা।
রাজধানীর জিগাতলায় প্রচারণায় গিয়ে এখনো নির্বাচনের সুপরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসে স্ত্রী আফরোজা আব্বাস। নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।
আর প্রতিদিনের রুটিন অনুযায়ী সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় প্রচারণায় নামেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
ঢাকাবাসির সেবা করার নানা প্রতিশ্রুতিসহ ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
একজন তরুণ প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ের জন্য ইলিশ মাছ মার্কায় ভোট চান সাঈদ খোকন।
এদিকে, সকালে মিরপুর বাংলা কলেজ থেকে প্রচারণা ও গণসংযোগ শুরু করেন ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া আগারগাঁও এলাকায় প্রচারণা চালান উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন দাবি করে তার প্রচারণা ও গণসংযোগে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।