সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে দু'একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এছাড়া ভোট কেন্দ্রে কেউ বল প্রয়োগের চেষ্টা করলে দ্বিগুন বলপ্রয়োগ করে তাদের প্রতিহত করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সকালে পরিকল্পনা কমিশনে আসন্ন ৩ সিটি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ও নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রকিবউদ্দীন বলেন, এখনও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রয়েছে। প্রয়োজনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হবে।
ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে— উল্লেখ করে সিইসি বলেন, ভোটকেন্দ্রে বল প্রয়োগের চেষ্টা করা হলে দ্বিগুন বল প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে।
লিখিত অভিযোগ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রার্থীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
এ সময় বৈঠকে ৪ নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যা ব ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া ৩ সিটির রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন বৈঠকে।