চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাতে আসা বহিরাগতদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল রাত বারোটার মধ্যে নির্বাচনে প্রচারনায় আসা বহিরাগতদের চট্টগ্রাম ছাড়তে হবে। সেই সঙ্গে ২৬ এপ্রিল রাত থেকে সব ধরণের প্রচারণা বন্ধ থাকবে।
এছাড়া, ২৭ এপ্রিল রাত থেকে নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এদিকে, নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করা ও রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য করায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলী করার নির্দেশ দেয়া হয়েছে।
রাতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে দেয়া এক চিঠিতে এ নির্দেশ দেন আব্দুল বাতেন।