সিটি নির্বাচনের ঢাকা দক্ষিণের ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবুলকে শুক্রবার হাজারীবাগ থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িঁয়েছেন জাসদ সমর্থিত প্রার্থী সহিদুল ইসলাম। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থনের ঘোষণা দেন।
প্রার্থীরা সকাল-সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে ভোট প্রার্থনায়। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থী সাঈদ খোকন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আর মাত্র তিন দিন পরই সিটি নির্বাচন। প্রচারণার শেষদিন আগামীকাল। তাই খুব একটা সময় নেই প্রার্থীদের। সবাই ব্যস্ত শেষ মুহুর্তের প্রচারণা আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায়। মেয়র প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী।
সরকার সমর্থিত প্রার্থীরা বলছেন, জয়ী হলে তারাই নগরীর উন্নয়নে বেশি কাজ করতে পারবেন।
এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের অভিযোগ, নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি তাদের।
বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জিগাতলা এলকায় প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। প্রচারণায় সরকারি দলের নেতা-কর্মীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।