চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত আজম নাছির উভয়ই জয়ের ব্যাপারে আশাবাদী।
সরকারি দলের সমর্থন ও শক্তিশালী সাংগঠনিক অবস্থার পাশাপাশি মেয়র হিসেবে মঞ্জুর আলমের ব্যর্থতাকে জয়ের নিয়ামক মনে করছেন আ জ ম নাছির উদ্দিন। আর নিজের ক্লিন ইমেজের পাশাপাশি আ জ ম নাছিরের দুর্বলতা তাকে জয়ী করবে বলে মনে করছেন মঞ্জুর আলম।
সিটি করপোরেশন নির্বাচনে কখনো পরাজয়ের রেকর্ড নেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলমের। চট্টগ্রাম সিটিতে তিনবার কাউন্সিলর এবং একবার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
এর পাশাপাশি ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও বিভিন্ন মেয়াদে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেছেন। তার দাবি সাদা মনের মানুষ হিসেবে মানুষের ভালবাসাই তাকে বারবার নির্বাচিত করেছে। এবারে নির্বাচনেও এ বিষয়টি সবচেয়ে বড় ভুমিকা রাখবে বিশ্বাস মঞ্জুরের।
অন্যদিকে আ জ ম নাসির মনে করেন, মেয়র হিসেবে মঞ্জুর আলম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
জলাবদ্ধতা ও শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি কার্যকর ভূমিকা নিতে পারেননি।
যে কারণে চট্টলাবাসী এবার নতুন মেয়র বেছে নেবে বলে তার বিশ্বাস। এর পাশাপাশি তার প্রতি সরকারে সমর্থনকেও জনগণ বিবেচনায় নেবে বলে তিনি আশা করছেন।
মেয়র হিসেবে অভিজ্ঞতার পাশাপাশি ক্লিন ইমেজ না সরকারি দলের সমর্থনে আ জ ম নাসিরের সমন্বিত উন্নয়নের অঙ্গীকার শেষ পর্যন্ত কোনটির জয় হয় তা দেখার অপেক্ষায় চট্টলাবাসী।