শেষ দিনের প্রচারণায় রোববার ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম সিটি কপোর্রেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এলাকায় চট্টগ্রামের হেভিওয়েট দুই মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীন ও এম মঞ্জুর আলম নির্বাচনকে ঘিরে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন।
আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আ জ ম নাছির উদ্দীন দুপুরে প্রচারণায় বের হয়ে নির্বাচনী এজেন্টদের সঙ্গে কথা বলেন। তিনি গার্মেন্টস মালিকদের আয়োজিত সমাবেশে যোগ দিয়ে চট্টগ্রামকে মেগাসিটিতে রূপান্তরিত করতে নগরবাসীর কাছে ভোট চান। এ সময় তিনি বিএনপি সমর্থত প্রার্থী এম মঞ্জুর আলম টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।
এদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম সকালে নগরীর বায়েজিদ, হামজারবাগ ও পলিটেকনিক এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি অসমাপ্ত কাজের গতি ঠিক রাখতে নগরবাসীর কাছে ভোট চান। এছাড়া তার কর্মীদের নির্যাতন করা হচ্ছে এবং প্রচারণা কাজে বাধা দেয়া হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
এবারের সিটি নির্বাচনে চট্টগ্রামে মেয়র পদে ১২ জন, কাউন্সিলর পদে ২৯৪ জন এবং সংরক্ষিত নারী পদে ৬২ জন লড়ছেন।