ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।
টিভি উপস্থাপক থেকে সফল ব্যবসায়ী, এরপর মেয়র পদে দাঁড়ান ৬৩ বছর বয়সী আনিসুল হক। পান ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন। সবকিছুতেই ছিল চমক কিন্তু ভোট জয়ে ছিল না সেরকম কিছুই।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত ফলের ভিত্তিতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।
১০৯৩টি ভোটকেন্দ্রে আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।
উত্তরে সিটি করপোরেশনের নির্বাচনী ফলাফলে আরো দেখা গেছে, কমলালেবু প্রতীক নিয়ে ১৮ হাজার ৫০ টি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ। ঈগল প্রতীক নিয়ে চতুর্থ অবস্থানে থাকা মাহী বি চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৪শ' ৭ ভোট। গণসংহতি আন্দোলনে সমর্থিত টেলিস্কোপ প্রতীক নিয়ে ৭ হাজার ৩শ' ৭০ ভোট পেয়েছে ৫ম অবস্থানে জোনায়েদ সাকি। এদিকে, সিপিবি-বাসদ সমর্থিক কাফী রতন পেয়েছেন ২ হাজার ৪শ'৭৫ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন। নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। মেয়র প্রার্থী সংখ্যা ১৬ জন। কাউন্সিলর প্রার্থী ২৮১ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৮৯ জন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।