ঢাকার উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে আগামী ৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফের চীন সফরের আগেই শপথ অনুষ্ঠান হতে পারে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা একথা জানিয়েছেন।
মেয়রদেরকে আবারও প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হবে কি-না এ বিষয়টিও এখনো ঠিক হয়নি। তবে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, মর্যাদার চেয়ে জনগণের জন্য কাজ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
এক যুগেরও বেশি সময় পরে গত ২৮ এপ্রিল নগরবাসীর ভোটে নির্বাচিত হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও।
এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে অনুমোদনের পরে ফলাফলের গেজেট প্রকাশের জন্য তা পাঠানো হয়েছে বিজি প্রেসে।
সিটি করপোরেশন আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পর তা স্থানীয় মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেট প্রকাশের ৩০দিনের মধ্যে শপথের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মেয়রদের শপথ করাবেন প্রধানমন্ত্রী আর কাউন্সিলরদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
এদিকে, সিটি মেয়ররা আবারো প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন কি-না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিষয়টি।
তবে পদমর্যাদার বিষয়ে ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, পদমর্যাদা নয়-নগরবাসীর ম্যান্ডেটই তার কাছে গুরুত্বপূর্ণ। ঢাকা দক্ষিণে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করে একথা বলেন তিনি।
এদিকে, নতুন মেয়রদের বরণ করতে প্রস্তুত ঢাকার দুই সিটি করপোরেশন। তবে দুই মেয়রই বাড়তি আয়োজন না করার কথা বলেছেন বলে জানালেন কর্মকর্তারা।