নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা, নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে দশ মেয়র প্রার্থীসহ বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৫ জুন বাঞ্চারামপুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে। শনিবার মধ্যরাত পর্যন্ত চলবে প্রচারণা। শেষ মুহুর্তের প্রচারণায় মুখর গোটা পৌর এলাকা। প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি। এটি প্রথম নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা।
বাঞ্ছারামপুর পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৬৬ জন। মোট ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৯টি। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৫৫ জন। এর মধ্যে মেয়র পদে লড়ছেন ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন।
নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জয়ী হওয়ার ব্যপারে আশাবাদী সবাই। প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও।
এদিকে, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানালেন ভোটাররা।
নির্বাচন কমিশন জানিয়েছে, এরইমধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।