বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এ নির্বাচনে মোট ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বুধবার সকাল ১০টা থেকে ৭৭টা কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্র এবং বাজিতপুরসহ দেশের ১২ উপজেলা পর্যায়ে দেওয়ানি আদালত অঙ্গনের ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। মোট ৭৭টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলবে। দেওয়ানি আদালতের বিচারকগণ ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বার কাউন্সিল নির্বাচনে ১৪টি সদস্য পদে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ জন সদস্যের মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে ৭ জন নির্বাচিত হবেন। সাধারণ আসনে ৭ জন সদস্যের বিপরীতে ৩২ জন প্রার্থী এবং ৭টি অঞ্চলের লোকাল আইনজীবী সমিতির ৭টি সদস্য পদে মোট ২৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
৭টি অঞ্চল হলো- গ্রুপ-এ-সাবেক বৃহত্তর ঢাকা জেলার সকল আইনজীবী সমিতি এখানে ৪ জন প্রার্থী গ্রুপ-বি-বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতি এখানে ৩ জন প্রার্থী গ্রুপ-সি- বৃহত্তর চট্রগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতি-এখানে ৩জন প্রার্থী গ্রুপ-ডি- বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতি- এখানে ৫ জন প্রার্থী গ্রুপ-এফ- বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতি-এখানে ৩ জন প্রার্থী গ্রুপ-এইচ- বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতি-এখানে ৪ জন প্রার্থী এবং গ্রুপ-জি বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতি-এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থীরা হলেন- সিনিয়র আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম, এডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এডভোকেট আব্দুল মতিন খসরু, এডভোকেট পরিমল চন্দ্র গুহ (পি.সি গুহ), এডভোকেট জেড আই খান পান্না ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিম।
সাধারণ আসনে ৭টি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন- সুপ্রিমকোর্ট বারের বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল আব্দুল জামিল মোহাম্মদ আলী (এ.জে মোহাম্মদ আলী), সুপ্রিমকোর্ট বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন (খোকন), ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট বোরহানউদ্দিন ও এডভোকেট মহসিন মিয়া।
গোলাপি প্যানেলের প্রার্থীরা হলেন-এডভোকেট সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান,একেএম জগলুল হায়দার আফ্রিক,আব্দুল মোমেন চৌধুরী, সারওয়ার-ই-দীন, মো. হেলাল উদ্দিন ও মো.শামসুল হক।