আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ১৪টি সদস্য পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে বলে দাবি করেছে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের একথা জানান সমন্বয় পরিষদের নেতা বাসেত মজুমদার।
ফলাফল আসতে শুরু করলে সকালে ১৪টি সদস্যপদের মধ্যে দশটিতে নিজেদের প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দাবি করে তিনি বলেন, বার কাউন্সিলে এতোদিন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হলেও এখন থেকে এখানে আইনজীবীদের কল্যাণে কাজ হবে।
তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল না হলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কথা স্বীকার করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নেতা খন্দকার মাহবুব হোসেন।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, সরকারপন্থীরা যেসব ওয়াদা করেছেন তা বাস্তবায়নে তারা সচেষ্ট হবেন।
এদিকে, চূড়ান্ত ফলাফল আগামী সোমবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিল সভাপতি ও অ্যাটর্র্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, বুধবার দেশের ৭৭টি কেন্দ্রে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়। এবার মোট ৬১ জন প্রার্থীর মধ্যে সাধারণ পদে ৩২ ও গ্রুপ পদে ২৯ জন লড়ছেন।
তবে এবারো আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ৪৩ হাজার ৩০২ জন ভোটার এ নির্বাচনের মাধ্যমে ১৪ জনকে নির্বাচিত করবেন।
পরে নির্বাচিত সদস্যদের ভোটে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।