আগামী ২৮ অক্টোবর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর শূন্য আসন টাঙ্গাইল-৪ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন তিনি।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর আর মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ অক্টোবর চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ অক্টোবর আর ভোটগ্রহণ হবে ২৮ অক্টোবর।
তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করতে কোনো বাধা নেই তবে গ্রুপ বাই গ্রুপ ভোটকেন্দ্রে এবং ভোটকক্ষে যেতে হবে। কেননা, অনেক লোক একসঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করলে নির্বাচন বিঘ্নিত হয়।
এ সময় স্মার্ট কার্ডের বিষয়ে সিইসি বলেন, স্মার্ট কার্ড ডুপ্লিকেট করার কোনো সুযোগ নেই। এতে ২৫টি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে কার্ড তৈরি করে আনা হয়েছে। সবকিছু রেডি হলে কার্ডগুলো ছাপানো শুরু হবে। এরপর এলাকা ভিতিত্তে পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, স্মার্ট কার্ড কবে দেয়া হবে সে সিদ্ধান্ত হয়নি। তবে চলতি বছরেই শুরু করা হবে।