স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার জন্য সরকারের আরো আলোচনা করার আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিলে বৈঠকে তিনি এ কথা বলেন।
যদি সরকার আলোচনা নাও করে তাহলে নির্বাচন কমিশনকে এ বিষয়ে আলোচনার কথা বলেন তিনি।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক, দলীয় ও সামাজিক ব্যবস্থা এভাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত কিনা তা ভাবতে হবে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব আয়োজিত এ গোলটেবিল আলোচনায় দেশের বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতনিধিরা অংশ নেন।
তাদের মতে, এভাবে নির্বাচন হলে তৃণমূলে বিভক্তি এসে যাবে— তৈরি হবে সাংঘর্ষিক পরিস্থিতি।
বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় থাকবে— এতে করে মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তির দৌড়াত্ম বৃদ্ধি পাবে।
আলোচনায় বিশিষ্টজনদের মত, দেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে করে এভাবে নির্বাচনের যৌক্তিকতা নেই।
তারা আরো বলেন, এর ফলে স্থানীয় সরকারেও নিরঙ্কুশ দলতন্ত্র প্রতিষ্ঠিত হবে।