পৌর নির্বাচনে দলের পক্ষে প্রত্যয়নকারীর দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন প্রত্যয়নের ক্ষমতা দলীয় সভানেত্রীর হাতেই থাকছে।
সময়সীমার শেষদিন শনিবার দুপুরে আওয়ামী লীগ থেকে পৌর নির্বাচনে প্রার্থীদের প্রত্যয়নের ক্ষমতাপ্রাপ্ত হিসেবে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও তার নমুনা স্বাক্ষর সংবলিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেন দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক রিয়াজুল কবির কাওছার।
এর আগে দলীয় প্রার্থীর প্রত্যয়নের ক্ষমতা দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিএনপি। শাজাহানকে এ ক্ষমতা দিয়ে খালেদা জিয়ার দেওয়া চিঠি কমিশনে জমা দেয় দলের সহপ্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
বিএনপির স্হানীয় পর্যায়ের নেতারা প্রত্যয়ন সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে গিয়ে তাদেরকে পাচ্ছেন না এবং কার্যালয় বন্ধ পাওয়া গেছে বলে অভিযোগ করেন এমরান সালেহ প্রিন্স।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে মনোনয়ন কর্তৃপক্ষ করে কমিশনে চিঠি দিয়েছে।
এদিকে, এবারই প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন হবে বলে সংশ্লিষ্ট দলের প্রার্থীদের প্রত্যয়নকারী কে হবেন তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেধে দেয় নির্বাচন কমিশন।