পৌরসভা নির্বাচন ১৫দিন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। রোববার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতা ওসমান ফারুক এ কথা জানান।
এছাড়া সম্মেলনে বিএনপির সেসব নেতাকর্মী আটক রয়েছে তাদের ছেড়ে দেয়ার দাবি করা হয়। একইসঙ্গে বাইরে থাকা নেতাকর্মীদের ধরপাকড় বন্ধের ব্যবস্থা নিয়ে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাংসদদের প্রচারের সুযোগ দেয়ার দাবির ব্যাপারে ওসমান ফারুক বলেন, আওয়ামী লীগের দাবি অনুযায়ী প্রচারের সুযোগ দিলে সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
ওসমান ফারুক বলেন, ‘আমরা লিখিত দাবি করেছি যে জানুয়ারির মধ্যে ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে। ভোট দেয়ার সুযোগ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে তফসিল ঘোষণা করলে তারা ভোট দিতে পারবে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। কিন্তু বর্তমানে সেটা নেই। যেভাবে আমাদের নেতা-কর্মীদের ধড় পাকড় করা হচ্ছে, এতে নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের মহাসচিবসহ সবার মুক্তি দাবি করছি। এছাড়াও সরকারের কর্মকর্তা ও এমপিরা যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। এ প্রসঙ্গে সিইসি আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার যা যা করা দরকার তা সবই করবেন।’