নির্ধারিত সময়েই পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে তবে কারো নির্দেশে তফসিল ঘোষণা করা হয়নি—বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
ভোটগ্রহণ না পেছানোয় বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তফসিল ঘোষণার পর বিধি সংশোধন বেআইনী হওয়ায় নির্বাচন পেছানো যায় না— উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, নির্বাচনে আইন লঙ্ঘন করলে যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচন পেছানো, প্রচারণায় সংসদ সদস্যদের অংশগ্রহণসহ নানা দাবি-দাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আইনি বাধ্যবাধকতার কারণে ৩০ ডিসেম্বরের নির্বাচন পেছানো হবে না।
নির্বাচন না পেছানোয় কমিশনকে সরকারের আজ্ঞাবহ বলে বিএনপি'র অভিযোগের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার বলেন, কারো সিদ্ধান্তে নয়, আইন মেনেই তফসিল ঘোষণা করা হয়েছে।
এ সময় বিগত নির্বাচনগুলোতে কিছু জায়গায় অনিয়মের ঘটনার কথা স্বীকার করে, পৌর নির্বাচনে কমিশনের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন এ কমিশনার।
এদিকে, এখন পর্যন্ত ১৯টি দল থেকে মনোনয়ন দেয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের নাম পেয়েছে কমিশন। এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার বাকি আছে দুই দিন। ৫ ও ৬ তারিখ হবে যাচাই-বাছাই।