পৌরসভা নির্বাচন করার সক্ষমতা কমিশনের আছে— উল্লেখ করে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, এ নির্বাচনের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কাম্য নয়। রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচনে কোনো রকমের হস্তক্ষেপ না করতে প্রশাসনকে স্পষ্ট করে বলা হয়েছে—মন্তব্য করে নির্বাচন পরিচালনার মতো যথেষ্ট ক্ষমতা কমিশনের রয়েছে বলে জানান কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। একইসঙ্গে আইন প্রণেতাদের আইন লঙ্ঘন না করারও আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা এ ব্যাপারে শাহনেওয়াজ বলেন, প্রচারণায় অংশ নিতে পারলেও শোভাযাত্রা বা শোডাউন করতে পারবে না।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কেউ বাদ পড়লে আপিলের সুযোগ থাকছে বলেও জানান নির্বাচন কমিশনার।
প্রতিটি নির্বাচনের আগে বিধিমালার পাশাপাশি তৈরি করা হয় আচরণবিধি মালা। এতে, প্রার্থী, সমর্থক অথবা দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কিছু শর্ত দেয়া থাকলেও বেশির ভাগ সময় তা উপেক্ষিতই থেকে যায়। সরকারি সুবিধাভোগীরাও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে এমন বিধান থাকায় বেশির ভাগ সময় তাদের দ্বারাই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে।
নিবন্ধিত ৪০টি দলের মধ্যে এবার পৌর নির্বাচনে অংশ নিচ্ছে ২২টি দল।