নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে—ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এর জন্য ব্যবস্থা নেবে কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
আইনের কোনো ব্যত্যয় হবে না— এ কথা উল্লেখ করে সিইসি বলেন, আসন্ন পৌর নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে মনোনয়নপত্র জমা দেয়া, যাচাই-বাছাইসহ বিভিন্ন প্রক্রিয়ায়, নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও কোনো প্রার্থী লিখিত কোনো অভিযোগ দেয়নি।
সব দল যাতে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পায় এর জন্য প্রতীক বরাদ্দ দেয়ার সময় এগিয়ে আনা যায় কি-না এ বিষয়ে তদারকি করছে কমিশন।
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একটি প্রতিনিধি দল আসে কমিশন। সিইসির সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন তারা।
এরপর বিকেলে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সঙ্গে সাক্ষাত করেন।
প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নির্বাচনী সুষ্ঠু পরিবেশসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধে পদক্ষেপ নিতে কমিশনের প্রতি আহ্বান জানান।