প্রতীক পাওয়ার পর সারাদেশে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নাটোরের ৬টি পৌর এলাকা সরগরম হয়ে উঠেছে। উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
তবে পৌর এলাকার জলাবদ্ধতা, ড্রেন, রাস্তা-ঘাট, বিদ্যুৎসহ নানাবিধ সেবা থেকে বঞ্চিত ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, বারবার মেয়র ও কাউন্সিলরদের কাছে এসব সমস্যার কথা তুলে ধরেও কোন সমাধান পাওয়া যায় নি।
এসব সমস্যার যারা সমাধান করে নাগরিক সেবাসহ নানা সুযোগ-সুবিধা বাড়াতে পারবেন তেমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন।
৩০ ডিসেম্বর সারা দেশের মত নাটোরের ৬ টি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। প্রায় দেড়শ বছরের পুরাতন নাটোর পৌরসভা। এ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭ হাজার ২০৪ জন।
এদিকে, চাঁদপুর ছেংগারচর পৌরসভায় বিশুদ্ধ পানির মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে। ৬ বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে রয়েছে বিশুদ্ধ পানির জন্য স্থাপিত পাম্প মেশিনটি।
বিশুদ্ধ পানির অভাবে বাধ্য হয়ে সাধারণ জনগণ পুকুর ও ডোবার নোংরা পানিতে সাংসারিক কাজ কর্ম করছে। এতে, ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
২০০৯ সালে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দু'টি পাম্প স্থাপন করে। তারপর থেকে পাম্পগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে পৌর কর্তৃপক্ষ চালুর কোন উদ্যোগ নেয়নি।
পাম্প দুটি পুনঃস্থাপন করে দ্রুত পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা নেয়ার দাবী পৌরবাসীর।