সময় যতো এগিয়ে আসছে, ততোই সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো। প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আমনগর বাজারে বিএনপির মেয়র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন।
এছাড়া, আচরণবিধি লঙ্ঘন করায় যশোরের চৌগাছায় ৪ মেয়রসহ ৭ প্রার্থীকে জরিমানা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ পৌরসভায় ৫ জন মেয়র ও ২৪ জন কাউন্সিলর, ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরইমধ্যে তিনজন কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে তারাবো পৌর নির্বাচনী এলাকা। অনেক প্রার্থী বলছেন, নির্বাচিত হলে মাদক নির্মূলসহ এলাকার জলাবদ্ধতা নিরসন, রাস্তা নির্মান করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাতেও বিরাজ করছে নির্বাচনী উত্তাপ। ভোটারদেরকে ফুল দিয়ে ব্যতিক্রম প্রচারণায় শুরু করেন মেয়র প্রার্থীর সমর্থকরা। বাড়ি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইছেন অনেক প্রার্থী। আর ভোটাররা বলছেন, সৎ,যোগ্য প্রার্থীকেই এবারের নির্বাচনে বেছে নেবেন তারা।
জমে উঠছে কুমিল্লার হোমনা ও দাউদকান্দি পৌর নির্বাচনের প্রচারণা। প্রতীক বরাদ্ধের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দুয়ারের দুয়ারে। এবারের নির্বাচনে এ এলাকায় বিএনপির রয়েছে একাধিক প্রার্থী। হোমনায় বিএনপির ৩ জন আর দাউদকান্দিতে ২ জন প্রার্থী। অনদিকে দুটি পৌরসভায় আওয়ামী লীগের একজন করে প্রার্থী।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে পৌর সভার দায়িত্ব তুলে দেবেন এমনটাই প্রত্যাশা ভোটারদের।