গণসংযোগ আর উঠান বৈঠক নিয়ে ব্যস্থ সময় কাটাচ্ছেন ভোলার ৩ পৌরসভার মেয়র ও কাউন্সিলরর প্রার্থীরা। শহরের অলিগতি ছেয়ে গেছে পোস্টারে।
নির্বাচনের দিন ঘনিয়ে আসায় সকাল থেকে রাত পর্যন্ত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র-কাউন্সিলর প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
তবে সোমবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুরের বদরগঞ্জে তিন মেয়রপ্রার্থীকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার। এদিকে, অন্যান্য পৌরসভাগুলোতে নির্বাচনের প্রচার চলছে বেশ জোরেসোরে।
নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে জনগনের মুখোমুখি হয়েছেন দুই মেয়র প্রার্থী। এক মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত পৌরসভা গঠনের অঙ্গীকার করেন তারা। এসময়, সুজন প্রণীত ১৩ দফা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন মেয়র পদ পদপ্রার্থীরা।
এদিকে, সোমবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারিকে প্রধান আসামি করে চৌদ্দগ্রাম থানায় ৩টি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একটি ও আওয়ামী লীগের দুই কাউন্সিলর দুটি মামলা করেন।
শেরপুরেও জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। সারাদিন কর্মব্যস্থতার পর পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতে এখন আলোচনার একটাই বিষয়। মাইকিং এর পাশাপাশি শো-ডাউন আর স্লোগানে স্লোগানে পাড়া মহল্লা মাতিয়ে রেখেছেন কর্মী-সমর্থকরা।
এবারই প্রথম দলীয়ভাবে বা দলীয় প্রতীকে পৌর নির্বাচন হলেও ভোটাররা বেশ সজাগ। যোগ্য, সৎ এবং সব সময় কাছে পাবেন যাকে তাকেই নির্বাচিত করার কথা ভাবছেন তারা।
নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই জমে উঠছে রাজবাড়ী পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। এবার মেয়র পদে লড়ছেন তিন জন প্রার্থী। ভোটাররা বলছেন, রাজবাড়ীর সমস্যা অনেক। রাস্তা ঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়। তারা চাইছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যিনিই মেয়র হোন এ সমস্যাগুলোর যেন স্থায়ী সমাধান হয়।