পৌরসভা নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো। প্রচার-প্রচারণা ও গণসংযোগে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী বৈতরণী পার হতে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। বসে নেই ভোটারাও। যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে নানা হিসাব-নিকাশে ব্যস্ত তারাও।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিলেটের জকিগঞ্জ বেশ জোড়েশোরেই চলছে পৌরসভা নির্বাচনের প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোটারদের মন জয় করতে হাট-বাজার ছাড়াও, বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। প্রার্থীদের সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় এবার ভিন্ন আমেজ। এ পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিন-রাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
যানজট, জলাবদ্ধতার সমস্যা সমাধানে পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।
প্রচার-প্রচারণা জমে উঠেছে হবিগঞ্জের ৫টি পৌরসভায়ও। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করতে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। গণসংযোগে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জলাবদ্ধতা নিরসন, মাদক নির্মূল ও উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।