আসন্ন পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সংসদের বাইরে থাকায় বিএনপিকে বাড়তি সুবিধা দিচ্ছে কমিশন।
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রতি নির্দয় আচরণ করছে কমিশন।
এছাড়া অধিকার, ডেমোক্রেসি ওয়াচসহ ১০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা।
এদিকে, বিকেলে সিইসি'র সঙ্গে সাক্ষাৎ করতে কমিশনে যায় জাতীয় পার্টির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি সাংবাদিকদের বলেন, দলের প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হচ্ছেন।