পৌর নির্বাচন সামনে রেখে জেলায় জেলায় ব্যালট পেপার পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকালে প্রথম দিনে গভার্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার পাঠানো হয়েছে ৫টি বিভাগের ৩১টি জেলায়।
প্রথম ধাপে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৩১টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়।
এদিকে, মোট ভোটকেন্দ্রের এক চতুর্থাংশ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। বিষটিকে বিচ্ছিন্ন বলে মনে করলেও কিছুটা উদ্বিগ্ন কমিশন। ৩৪০৩ ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার ১৮৪টিকে ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে গোয়েন্দা সংস্থা।
ঢাকা বিভাগে ৯৯১টি কেন্দ্রের মধ্যে ৩৮৪টিকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। রাজশাহী বিভাগের ৮০১ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৪৬টি। খুলনা বিভাগে ৪৭১ কেন্দ্রের মধ্যে ১৯৫টি। চট্টগ্রামে ৪৮০ কেন্দ্রের মধ্যে ১৬৯টি ঝুঁকিপূর্ণ। রংপুর ৩০৪ কেন্দ্রের মধ্যে ১১৮টি। বরিশাল ১৬৭টির মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সিলেট বিভাগে ১৮৯ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪৫টি। পাশাপশি শীর্ষ সন্ত্রাসীদের তালিকা কমিশনে পাঠানো নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের পরপরই পৌর নির্বাচনের ব্যালট পেপার ছাপার কাজ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে আদালতের আদেশে অনেকে প্রার্থিতা ফিরে পাওয়ায় নতুন করে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিপাকে পড়ে কমিশন। তবে শেষ পর্যন্ত সব সমস্য কাটিয়ে ছাপার কাজ শেষ করতে সক্ষম হয় তারা।