কুমিল্লায় চান্দিনায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর প্রচারবহরে দুর্বৃত্তদের বোমা হামলায় আটোরিকসা চালক আহত হয়েছে। শনিবার সকালে প্রচারে নামলে এ হামলা চালানো হয়।
এদিকে, যশোর শহরের রেলগেট এলাকায় আওয়ামী লীগের এক বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া নাশকতার আশঙ্কায় শ্রীপুর পৌরসভার জামারের কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতে নড়াইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকার সমর্থককে জরিমানা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন আলমের নির্বাচনী ২টি অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের সমর্থকেরা এ কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে।
শুক্রবার রাতে শহরের পুলিশ লাইন এলাকা এবং মহিষখোলা এলাকায় অবস্থিত নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
স্বতন্ত্র মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা কাজী ইসমাইল হোসেন লিটনের নেতৃত্বে মহিষখেলা জগ প্রতিকের অফিস এবং পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বস বিলোর নেতৃত্বে পুলিশ লাইন অফিসের সামনে তৈরীকৃত ২টি জগ ভেঙ্গে ফেলেছে।
পুলিশের উপস্থিতিতে ভাঙচুর করে বলেও তিনি অভিযোগ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র বিশ্বাস রাতে বলেন, এরকম কোনো সংবাদ আমার জানা নেই।
এদিকে, পৌর নির্বাচনী আচারন বিধি ভঙ্গের অভিযোগে দেবাশীষ কুণ্ডু নামে নৌকার এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রম্যমাণ আদালতের বিচারক এএমএম আবু সুফিয়ান তাকে এ জরিমানা করেন।
ভ্রম্যমাণ আদালতের বিচারক সুফিয়ান জানান, রাতে নৌকা প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের সমর্থকরা নির্বাচনী আচারণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এসময় অন্যদের থামানোর চেষ্টা করা হয়। পরে দেবাশীষ কুণ্ডুর মোটরসাইকেল থামিয়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।