নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর, নোয়াখালীর হাতিয়া ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এবং জয়পুরহাটের এক রিটার্নিং অফিসারকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বিকেলে নির্বাচন কমিশনের উপ সচিব শামসুল আলম এ তথ্য জানিয়েছেন।
পৌরসভা নির্বাচনে হাতিয়া, ঈশ্বরগঞ্জ ও জগন্নাথপুর থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে গত সোমবার রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় ইসি।
এরপর রিটার্নিং কর্মকর্তাদের দেয়া প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই তিন থানার ওসিকে প্রত্যাহারে নির্দেশ দেয় ইসি।
এর আগে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁদপুরের ছেংগারচার, মাদারিপুরের কালকিনি ও মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসিকেও প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল ইসি।