নড়াইলে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্রপ্রার্থীর ২ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পৌরসভায় মেয়রপদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলমের নির্বাচনী প্রচারণাকালে তার দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে।
রোববার রাতে পৌরসভার কুড়িরডোর মঠ এলাকায় তাদের ওপর প্রতিপক্ষ আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের নৌকা প্রতীকের সমর্থক এ হামলা চালায়।
তারা হলেন: শহরের ভওয়াখালী এলাকার ফসিয়ার রহমান (৪৮) এবং একই এলাকার ফজলু রহমান (৪০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র বিশ্বাস বলেন, এরকম কোনো বিষয় আমার জানা নেই।
জানা গেছে, রোববার রাতে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলমের (জগ প্রতীক) নির্বাচনী প্রচারণা চালানোর সময় পৌরসভার কুড়িরডোব মঠ এলাকায় পৌঁছালে নৌকার সমর্থকরা ফসিয়ার ও ফজলুকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
মেয়রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলম জানান, তার দুই কর্মীকে নৌকা প্রতীকের প্রার্থীর সন্ত্রাসীরা হাতুড়িদিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। একের পর এক হুমকি-ধামকিতে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে তার কর্মী-সমর্থকরা আতঙ্কে রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে—পুলিশ দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে বলে জানান তিনি।