পৌরসভা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই নির্বাচনী প্রচারণা বন্ধের পরও আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন প্রচারণা না চালাতে পারে এ বিষয়ে নির্দেশ দিয়েছে কমিশন। কাল নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কমিশন। ব্যালট পেপার ও আনুষঙ্গিক সব উপকরণ বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি।
শেরপুরের শ্রীবর্দী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ৩ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন তারা।
এদিকে, রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর গণসংযোগে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়র প্রার্থী আব্দুল বারি খানঁনসহ আহত হন কমপক্ষে ১০জন। সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আনসার ক্যাম্পের পাশে মধ্য পুঠিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নড়াইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে।
প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন খাগড়াছড়ি, মাটিরাঙ্গা ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার বিএনপি সমর্থীত মেয়র প্রার্থীরা।
এছাড়া বগুড়ায় পৌরসভার ১৭৩টি ভোট কেন্দ্রের ৯১টি ঝুঁকিপূর্ণ হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ভোটারদের মাঝে।
নির্বাচনে সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে প্রস্তুত কর্মকর্তারা বলে জানালেন নেত্রকোনার রিটার্নিং কর্মকর্তা ড: আব্দুর রহিম।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা, চুয়াডাঙ্গা ও সাভারসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে ইসি।
এদিকে, সোমবার রাত ১২টার পর বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে জঙ্গির পৃষ্ঠপোষক। পৌর নির্বাচনে নিশ্চিত হারের বিষয়টি আচ করতে পেরে খালেদা জিয়া প্রশ্ন তোলার অজুহাত খুঁজছেন।