শেষ গুলি থাকা পর্যন্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রয়োজনে গুলি চালানো হবে। এছাড়া, নির্বাচনে কোনো রকম পক্ষপাতিত্ব না করতে নির্বাচনী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ইতোমধ্যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে— উল্লেখ করে রকিবউদ্দীন বলেন, যেসব এলাকায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে বাধার সম্মুখীন হয়েছে তাদের জন্য অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা নেয়া হবে।
নির্বাচনে কোনো ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে স্বদিচ্ছার ঘাটতি নেই কমিশনের।