ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে আজ। বৃহস্পতিবার দলীয় প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আগামী ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্বে একযোগে ৭৩৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন ৫৮ জন প্রার্থী। তারা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে উৎসবমুখর পরিবেশে শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচার। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরাও প্রতীক বরাদ্দ পেয়েছেন।
যশোরের মণিরামপুরে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস থেকে এসব প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল ১০টার পর থেকে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে হাজির হন। উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে ভোটগ্রহণ হবে ২২ মার্চ।
বরিশালেও উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। জেলার ৮৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে প্রথম পর্বে।
কুমিল্লার দেবিদ্বারের ১৩টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যাচাই বাছাই শেষে ৬৬ জন চেয়ারম্যান পদে ও মহিলা মেম্বার পদে ১০৪ এবং মেম্বার পদে ৩৭৭ জন প্রার্থী হয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ৫ ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।