আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো রকম অনিয়ম বরদাশত করা হবে না—বলে হুঁশিয়ার করে দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। সোমবার কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা বলা হলেও তা মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়েছে কমিশন। ২২ মার্চ প্রথম দফায় ৭৩২টির মধ্যে ৬২টি ইউনিয়ন পরিষদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।
তবে একে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে কমিশন, যদিও বিএনপি মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাধাদানের অভিযোগ তুলেছে।
সম্প্রতি অনিয়মের শাস্তির দৃষ্টান্ত তুলে ধরে তিনি আরো বলেন, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে অনিয়ন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কমিশন।
এদিকে, একাধিক প্রার্থী না থাকায় ৭৩২ ইউনিয়ন পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের ৬২ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়ার ফলে এসব এলাকায় একাধিক প্রার্থী নেই—এমন অভিযোগ বিএনপি করলেও কমিশন বলছে ভিন্ন কথা।
তবে টেকনিক্যাল বিষয়গুলো ঠিক থাকলে তৃতীয় ধাপে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা নেয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবারে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৭৫২টিতে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নানা অনিয়ম ও গোলযোগের কারণে এরইমধ্যে ২০ ইউনিয়ন পরিষদে ভোট স্থগিত করা হয়েছে। যার ফলে আগামী ২২ মার্চ ভোটাভুটি হবে ৭৩২ টি ইউনিয়ন পরিষদে।
প্রতীক বরাদ্দের পর পরই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রচারণায় অনিয়ম রোধে প্রতিটি উপজেলায় নির্বাহী ও জুডিশিয়াল মিলিয়ে ৫ জন করে ম্যাজিস্ট্রেট রাখারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।