নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যরা অংশ নিলে দল থেকেই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কমিশনে আসেন। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে হানিফ বলেন, নিরপেক্ষতার দোহাই দিয়ে সরকারি দলের ওপর আইনের খড়গ চালানো হচ্ছে।
ফুলগাজি উপজেলার চেয়ারম্যানকে বহিস্কারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন, কমিশন সঠিক তদন্ত না করেই একজন নির্বাচন কর্মকর্তার মনগড়ানো অভিযোগের ভিত্তিতেই কাজ করছে।
নিরপেক্ষতা দেখাতে গিয়ে সরকারি দলের উপর জুলুম চালাচ্ছে কমিশন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
তৃণমূল পর্যায়ের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়টি গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষের ক্ষোভের বহি:প্রকাশ মাত্র।