ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন পিরোজপুরের প্রার্থীরা। সবখানেই নির্বাচনী আমেজ। স্লোগান আর শোভাযাত্রায় মুখরিত গ্রামীণ সড়কগুলো। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আগামী ২২ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ৫১টি ইউনিয়নের মধ্যে ৪০টিতে ভোট হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব নির্বাচনী এলাকাগুলো। ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে পথঘাট।
ফসলের মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, হাট-বাজার সব জায়গাতেই নির্বাচনী আমেজ। স্লোগান আর শোভাযাত্রায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
পিরোজপুর জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৮৯৭ জন। ভোটকেন্দ্র ৬৭৩টি।
এদিকে, বরিশালের মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত দুই মেম্বার প্রাথীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১১ জন।
সকালে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম চুন্নুর সমর্থনে সমীর হাওলাদারের সমর্থকরা বড়ইয়া এলাকায় প্রচারণায় যায়।
এ সময় দলের বিদ্রোহী প্রার্থী মজিবর রহমানের সমর্থক ফিরোজ মেম্বারের লোকজন তাদের ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সমীর হাওলাদার নিহত হন। আহত হয় ১১ জন।
এছাড়াও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি মনোনীত প্রার্থী আমিন উদ্দিন চৌধুরী প্রচারণা শেষ করে বাড়ি ফেরার সময় হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ৩ জন আহত হন।