ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দফার প্রচার-প্রচারণার আজ (রোববার) মধ্য রাতে শেষ হচ্ছে। তাই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থী-সমর্থকরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি আর যোগ্য প্রার্থী বেছে নিতে বিভিন্ন হিসাব-নিকাষ করছেন ভোটাররাও।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রচারণার শেষ দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন ইউপি নির্বাচনের প্রথম ধাপে অংশ নেয়া প্রার্থীরা। পৌরসভার পর এবার ইউপি নির্বাচনেও দলীয় প্রতীক বরাদ্দ হওয়ায় প্রচার-প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।
জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী।
গণসংযোগে পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরাও। এ ইউনিয়নে ওয়ার্ড সাধারণ সদস্যপদে ৩২ জন ও সংরক্ষিত নারী আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেষ দিনে কিশোরগঞ্জের ১১টি ইউনিয়নও নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম। এদিকে, শেষ মুহূর্তেও যোগ্য প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা চলছে ভোটারদের মধ্যে।
জামালপুর ইসলামপুর সদর ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে, প্রচার-প্রচারণা শেষ হওয়ায় শনিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, ভোটের পর দিন মধ্য রাত পর্যন্ত বহাল থাকবে।