নির্বিঘ্নে ভোটারা যেন ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে—উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্খিত সহযোগিতা না পাওয়ায় সহিংসতা রোধ করা সম্ভব হচ্ছে না।
সোমবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সংঘাত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের পাশের দেশেও নির্বাচন নিয়ে সহিংসতা হয়েছে। আমাদের দেশেও আছে। তবে এ বিষয়টি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।
কোনো ভোটকেন্দ্রে সহিংসতা হলে সেই কেন্দ্রের থানার ওসি সেজন্য দায়ী থাকবেন বলেও জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৭৩৮টি ইউনিয়নের ভোটগ্রহণ আগামীকাল। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম।
জোরদার করা হয়েছে নিরাপত্তা পাহারা ও টহল। অনিয়ম ও সহিংসতা প্রতিরোধে নির্বাচনী এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে।