শেষ মুহূর্তের প্রচারণায় মুখর সারাদেশের ইউনিয়ন পরিষদগুলো। উৎসবমুখর পরিবেশে দলীয় প্রতীক নিয়ে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা।
এদিকে, দুই প্রার্থী একই প্রতীক চেয়ে রিট করায় গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরন ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।
আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুরে পোষ্টারে- ব্যানারে ছেয়ে গেছে শহরের অলিগলি।
নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা।
রাত-দিন প্রচার-প্রচারণা, গনসংযোগ আর উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌলভীবাজারের জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব নির্বাচনী এলাকাগুলো। ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে পথঘাট।
আর প্রার্থীরা বলেন, যোগ্য, সৎ এবং সব সময় কাছে পাবেন যাকে তাকেই নির্বাচিত করবেন তারা।
নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই জমে উঠছে যশোর সদরের ইউনিয়নের নির্বাচনের প্রচার প্রচারণা। রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন ১৫টি ইউনিয়নের প্রার্থীরা।
নির্বাচনী প্রচারণায় পাড়া মহল্লা মাতিয়ে রেখেছেন কর্মী ও সমর্থকরা।
এদিকে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন যশোরের ভোটাররা।