মধ্যরাত ১২টার পর শেষ হচ্ছে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা; ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। বসে নেই ভোটাররাও— যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে নানান হিসাব-নিকাষে ব্যস্ত তারাও।
এদিকে রাঙামাটির ৪৯টি ইউনিয়নের নির্বাচন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ৬৪৩টি ইউনিয়নে ভোটগ্রহণ বৃহস্পতিবার। মঙ্গলবার মধ্যরাতে শেষ হবে এ নির্বাচনী প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা।
কুড়িগ্রামের ১৩টি ইউনিয়নে বেশ জোরেশোরেই চলছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীদের সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।
দিন-রাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের বড়লেখা ইউনিয়নের প্রার্থীরাও। তবে কোনো কোনো প্রার্থীর অভিযোগ বিরোধী দলের কর্মী-সমর্থকরা তাদের প্রচারণায় বাধা দিচ্ছে।
নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে এ পর্যন্ত ১৪ জন প্রার্থীকে জরিমানা ও সতর্ক করেছেন বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন।
নির্বাচনী প্রচরণায় বাধা দেয়ার অভিযোগ রয়েছে ফরিদপুরেও। তবে রিটার্নিং অফিসার বলছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এছাড়াও নরসিংদীর শিবপুরে মিথ্যা মামলায় হয়রানি ও কর্মীদের নিরপত্তার স্বার্থে পুটিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী সালাউদ্দিন গাজী জিনু নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় তার কর্মী সমর্থকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেন তিনি।
গোপালগঞ্জে রিটানিং অফিসারদের নাম্বার হ্যাক করে প্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একজন রিটার্নিং অফিসার থানায় জিডিও করেছেন।
শেষ দিনের প্রচার-প্রচারণায় সরগরম লালমনিরহাটের ২০টি ইউনিয়ন। নিজেদের অবস্থান শক্ত করতে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা।
এদিকে, নীলফামারীর নির্বাচনী এলাকাগুলোতে নির্ঘুমপ্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় পাড়া মহল্লা মাতিয়ে রেখেছেন কর্মী ও সমর্থকরা।
নাটোর, হবিগঞ্জ, সাতক্ষীরা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা চলছে জোরেসোড়ে।