তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোতে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা—দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আনছেন হুমকি ও অনিয়মের অভিযোগ। আর ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে শহরের আলাইপুরে বিএনপি প্রার্থী দলীয় কার্যালে সংবাদ সম্মেলন করে প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।
এদিকে, সদর আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের কার্যাল সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন।
উৎসব মুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সদস্য পদে ২৩৬ জন ও মহিলা সদস্য পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগে নেমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে যোগ্যপ্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছন ভোটাররা।
এদিকে, নির্বাচন উপলক্ষে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।