তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি করছে উঠান-বৈঠক। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার কথা বলছেন ভোটাররা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ২৩ এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরে সদর উপজেলার কামারের চর, চর শেরপুর, চর মোছারিয়া, বলাইচর ও চর পক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩০ জন, সাধারণ সদস্য পদে ২১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো।
দলীয় অফিস, নির্বাচনী ক্যাম্প ও চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনী আড্ডা। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশে ভোট দেয়া নিয়ে সংশয় রয়েছে ভোটারদের মাঝে।
ভোট চাইতে নানা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
আচরণ বিধি অমান্য করে মিছিল, শোভাযাত্রা ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রায় সব প্রার্থীরা।
প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম রয়েছে যশোরের ঝিকরাগাছা উপজেলার নির্বাচনী এলাকাগুলো। সেইসঙ্গে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রচার-প্রচারণায় বাধা দেয়ার।