চতুর্থ দফা ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ৭০৩টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। অনিয়মের অভিযোগে ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল। অনেক কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোট দিতে উপস্থিত হন ভোটাররা। সকাল ৮টা থেকেই অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে, এরইমধ্যে কয়েকটি জায়গায় সহিংসতা হয়েছে। কুমিল্লা ও নরসিংদীতে সংঘর্ষে মারা গেছেন দুই জন। ফেনী, জামালপুর, মাদারীপুর, গাজীপুর, নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জায়গায় সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। ঘটেছে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা।
জামালপুর, কুমিল্লা, কুষ্টিয়া, রংপুর, চুয়াডাঙ্গা, নরসিংদীতে অনিয়মের অভিযোগে দুই প্রিজাইডিং অফিসারসহ ১২ জনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গায় এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।