আগামী ২৮মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলো এখন সরগরম। প্রচার-প্রচারণায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা। প্রার্থী নির্বাচনের হিসাব-নিকাষে ব্যস্ত ভোটাররাও। দেখেশুনে যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নে রাত-দিন চলছে নির্বাচনী প্রচারণা। কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন প্রার্থীরা।
ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।
হবিগঞ্জের নবীগঞ্জেও প্রচার প্রচারণা জমে উঠেছে। উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট হচ্ছে এবার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৬ জন, মেম্বার পদে ৫৪৬ জন ও সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোষ্টারে- ব্যানারে ছেয়ে গেছে শহরের অলিগলি। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
তবে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় রয়েছে অনেকের।
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার নির্বাচন অফিসার মোঃ আবু সাঈম বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছেন।
নড়াইলের সালামাবাদ, হামিপুর, ইলিয়াসাবাদ, পুরুলিয়া, চাচুড়ী ও বাবরা-হাচলা এবং লোহাগড়ার কাশিপুর, মল্লিকপুর, ইতনা, দিঘলিয়া ও জয়পুরেও ভোট হবে একইদিন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
এদিকে, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা।